মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
"মাদককে না বলো, সুস্থ সমাজ গড়ি চলো"— এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নে বাগুডাঙ্গা বাজারে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন'২৬) বিকালে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বি. এম. নজরুল ইসলাম (কাবুল), ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলহাজ কোবাদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি থেকে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।র্যালি শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।