মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, কালিয়া এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। এছাড়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবন্তী বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, উদ্ভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তি প্রদর্শন করা হয় এবং এসব প্রযুক্তির কার্যকারিতা, ব্যবহার ও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির প্রচার-প্রসার, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।