প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
মাদারীপুরের কালকিনিতে সিনিয়র সাংবাদিক ও কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে কালকিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মো. মিজানুর রহমান কালকিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালের কালকিনি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাবের কালকিনি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, কতিপয় চিহ্নিত ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনাকে নিন্দনীয় ও উদ্বেগজনক উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপরও আঘাত। সাংবাদিকরা যাতে নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।
এ ঘটনায় মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে আহত সাংবাদিক মিজানুর রহমানের সুচিকিৎসা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।