আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গৌরনদীতে শুরু হয়েছে ব্যতিক্রমী বৃক্ষরোপণ উদ্যোগ। ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ধাপে ধাপে তুলে দেওয়া হবে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা। চারা পাওয়ার পর প্রতিটি শিক্ষার্থীই হবে তার গাছের ‘বৃক্ষ অভিভাবক’; নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও থাকবে তাদের ওপর।
কর্মসূচির তৃতীয় পর্যায়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার ৩২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব চারা সরবরাহ করা হয়।
এর আগে প্রথম পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। দ্বিতীয় পর্যায়ে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ গাছের পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব পালনে উৎসাহিত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় বিতরণ করা প্রতিটি চারার জন্য থাকবে স্বতন্ত্র নম্বর। পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট গাছের তথ্য সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা নিয়মিত গাছের পরিচর্যা করছে কি না, গাছের বৃদ্ধি ও সংরক্ষণ পরিস্থিতি কেমন—এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। মাসিক ভিত্তিতে মূল্যায়নের পাশাপাশি বছর শেষে বিদ্যালয় ও উপজেলা পর্যায়ে সেরা ‘বৃক্ষপ্রেমী শিক্ষার্থী’ নির্বাচনের পরিকল্পনাও রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের সার্বিক সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস, উপজেলা শিক্ষা অফিস, সংশ্লিষ্ট বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়ার এ উদ্যোগ শুধু বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবেই নয়, বরং ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা তৈরি করবে। শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে পরিবেশবান্ধব ও বৃক্ষপ্রেমী নতুন প্রজন্ম।