মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-
বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তির হাতে অটোভ্যান তুলে দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসের হাতে দুটি অটোভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
এ সময় ইউএনও মো. আলী সুজা বলেন, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মূল লক্ষ্য। অটোভ্যানের মাধ্যমে উপকারভোগীরা আয় করে নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।
অটোভ্যান পেয়ে রফিক গোমস্তা ও মিলন বিশ্বাস সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অটোভ্যানের মাধ্যমে আয়-রোজগারের সুযোগ তৈরি হওয়ায় পরিবারের ব্যয় নির্বাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা যুবদলের সভাপতি এএফএম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।