প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
বরিশালের উজিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মোঃ রিয়াজ হাওলাদার (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ সময় তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উজিরপুর থানাধীন ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মাহার এলাকায় মাদক কেনাবেচার তথ্য পায় ব্যাটালিয়নের একটি টহল দল। সংবাদে বলা হয়, মাহার গ্রামের মিনহাজ হাওলাদারের বাড়ির রিয়াজের বসতঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআরবি-৮, বরিশালের সদর কোম্পানির একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযান চালায়। এ সময় মোঃ রিয়াজ হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি উজিরপুর থানার মাহার গ্রামের মৃত শাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
অভিযান শেষে শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত রিয়াজের দেহ তল্লাশি করে উল্লেখিত মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তিকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআরবি-৮ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।