মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার উজিরপুরে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়েছে। ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উজিরপুর পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১১:৩০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান শুরু হয়। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানের সময় ইচলাদী বাসস্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম পাশে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিবিড়ভাবে পরিদর্শন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি প্রয়োজনীয় কয়েকটি স্থানে ওষুধ প্রয়োগ করা হয়। দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণেরও উদ্যোগ নেওয়া হয়।
বিশেষ করে গাছের টব, ফেলে রাখা বালতি, প্লাস্টিকের জার, ডাবের খোসাসহ পানি জমে থাকতে পারে এমন বিভিন্ন পাত্র পরিষ্কার করা হয়। একই সঙ্গে দোকানসংলগ্ন ডোবা-নালা ও ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ী ও দোকানদারদের নিজ নিজ প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখার জন্য তাগিদ দেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার বংশবিস্তার না করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”
এসময় অভিযানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুমন বালী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিলন হাওলাদার। এ ছাড়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়।
স্থানীয়রা জানান, ইচলাদী বাসস্ট্যান্ড উজিরপুরের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা হওয়ায় এখানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত ধ্বংস করা জরুরি। উজিরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।