প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
নারী সদস্য বেড়ে ৩৩, ২৪ বছর বয়সেই ইতিহাস গড়তে যাচ্ছেন নতুন সংসদ সদস্য ইয়োনাতান শালেভ
ইসরাইলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ১২০ সদস্যের এই পার্লামেন্টে এবার জায়গা করে নিচ্ছেন ৪৬ জন নতুন সংসদ সদস্য। একই সঙ্গে নারী প্রতিনিধিত্ব বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাত্র ২৪ বছর বয়সে নেসেটের সদস্য হতে যাওয়া ইয়োনাতান শালেভ ভাঙতে যাচ্ছেন দীর্ঘ ৬৭ বছর ধরে অক্ষত থাকা বয়সসংক্রান্ত রেকর্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় জেরুজালেমে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম নেসেটে নারী সদস্য ছিলেন ২৯ জন। নতুন পার্লামেন্টে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৩। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের মধ্যে ১৫টিতেই আসছেন নতুন মুখ।
নতুন নেসেটের সবচেয়ে বয়স্ক সদস্য লিকুদ পার্টির হাইম কাটজ। আগামী মাসে তার বয়স ৭৯ বছরে পৌঁছাবে। বিপরীতে সবচেয়ে কম বয়সী সদস্য হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বিয়াখাদ পার্টির ইয়োনাতান শালেভ। ২৪ বছর বয়সে সংসদ সদস্য হয়ে তিনি ১৯৫৯ সাল থেকে অক্ষত থাকা মোশে নিসিমের রেকর্ড ভাঙতে যাচ্ছেন।
অন্যদিকে, নেসেটে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ১৯৮৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মেয়াদে তিনি প্রায় ৩৫ বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলোচনায় সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারাও
নতুন সংসদ সদস্যদের মধ্যে আলোচিত নাম বিয়াখাদ পার্টির নোয়াম তিবন। ইসরাইলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিবন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন নিজের ছেলে আমির তিবন ও তার পরিবারকে উদ্ধারে অভিযানে অংশ নেন। সে সময় তারা গাজা সীমান্তসংলগ্ন নাহাল ওজ কিবুতজে আটকা পড়েছিলেন।
লিকুদ পার্টির নতুন সদস্য এলিশা মাদানও আলোচনায় রয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর এই রিজার্ভ সদস্য ২০২৪ সালে গাজায় যুদ্ধ চলাকালে এক বিস্ফোরণে দুই পা হারান।
ইসরায়েল বেইতেনু পার্টির শ্যারন শারাবির ব্যক্তিগত পারিবারিক ট্র্যাজেডিও নতুন করে আলোচনায় এসেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় তার ভাই ইয়োসি শারাবি অপহৃত হন এবং পরে বন্দিদশায় মারা যান। তার আরেক ভাই এলি শারাবি প্রায় ৫০০ দিন গাজায় বন্দি ছিলেন। ওই হামলায় এলির স্ত্রী ও দুই মেয়েও নিহত হন।
ইয়াশার পার্টির শিরা শাপিরোও নতুন সংসদ সদস্যদের একজন। তিনি ইসরাইলি সেনাবাহিনীর কর্মকর্তা আনার শাপিরোর মা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় একটি বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করে হামলাকারীদের ছোড়া একাধিক গ্রেনেড প্রতিহত করেছিলেন আনার। পরে তিনি নিহত হন।
বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতিও আলোচনায়
নতুন নেসেটে কয়েকজন বিতর্কিত ব্যক্তির অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা চলছে। তাদের মধ্যে রয়েছেন লিকুদ পার্টির জ্যাকব বারদুগো। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত বারদুগো ডানপন্থী রেডিও উপস্থাপক এবং সরকারপন্থী চ্যানেল ১৪-এর ভাষ্যকার। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি লিকুদ পার্টির কয়েকজন সংসদ সদস্য তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও তুলেছিলেন।
আরেক বিতর্কিত নতুন সদস্য উতজমা ইয়েহুদিত পার্টির চানামেল ডরফম্যান। দলটির নেতা ইতামার বেন গভিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তিনি। বসতি স্থাপনকারী তরুণদের উগ্রপন্থী গোষ্ঠী ‘হিলটপ ইয়ুথ’-এর সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অতীতে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত তাকে নিয়ে একাধিকবার তদন্ত করেছে। পশ্চিম তীরে প্রবেশে বাধা দিতেও তার বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করেছিল ইসরাইলি সেনাবাহিনী।
সব মিলিয়ে নতুন নেসেটের গঠন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একদিকে তরুণ ও নতুন সংসদ সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি, অন্যদিকে সামরিক অভিজ্ঞতা ও বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি—সবকিছু মিলিয়ে ২৬তম নেসেটের কার্যক্রম ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।