বরিশালের আগৈলঝাড়ায় পূর্বসুজনকাঠী গ্রামে স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মৃত্যু বরণ করেন । এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়ি। এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থতার কারণে আজ সোমবার সকাল ৮টা ৪০মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পরেন। এসময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যুর সংবাদ শুনে চিৎকার করে অচেতন হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম তাকে মৃত ঘোষনা করেন।সামচুল হক সরদার ও আনোয়ারা বেগম দম্পত্তির তিন ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়েছে।এমনই হৃদয়বিদারক ঘটনায় ওই এলাকাসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।