মো. আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর জানার পর ১৬ বছর বয়সী কথা ঢালীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বাসিন্দা সাধু ঢালীর মেয়ে কথা ঢালী। সে স্থানীয় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সোমবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে টেস্ট পরীক্ষার ফলাফল জানতে পারে কথা। এ সময় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে সবার অগোচরে নিজ ঘরে চলে যায় কথা। পরে স্বজনরা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ, পরীক্ষার ফলাফল নিয়ে পারিবারিক আচরণ এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে।