জননিরাপত্তা, মাদকবিরোধী কার্যক্রম ও জনকল্যাণে অবদানের স্বীকৃতি
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ।
২০২৬ সালের অক্টোবর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূলসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় ঝালকাঠির পুলিশ সুপার মোসাম্মৎ মেরিন সুলতানা আনুষ্ঠানিকভাবে ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন।
এ অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসি তৌহিদুজ্জামান সোহাগ জেলা পুলিশ সুপার, নলছিটি থানার সহকর্মী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতার কথাও স্মরণ করেন।
তিনি বলেন, “এ অর্জন আমার একার নয়, এ অর্জন নলছিটি থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের। সবার সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই এ সম্মান অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, নলছিটি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।